মোংলা বন্দরে একটি বিদেশী জাহাজের প্রকৌশলীর মৃত্যু হয়েছে। তিনি ইউরোপের দেশ রোমানিয়ার নাগরিক বলে জানা গেছে। তার নাম ভ্যারল তায়ের (৫২)। গত শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোংলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম।
লাইবেরিয়ার পতাকাবাহী এমভিএইচআর রেভিলেশন নামের জাহাজের স্থানীয় শ্রমিক ঠিকাদার এইচএম দুলাল জানান, মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি মেশিনারি পণ্য নিয়ে ২২ অক্টোবর মোংলা বন্দরের হারবাড়িয়ার ১ নং বয়ায় অবস্থান করে। ওই জাহাজের দ্বিতীয় প্রকৌশলীর দায়িত্বে ছিলেন রোমানিয়ার নাগরিক ভ্যারল তায়ের। শনিবার ওই জাহাজেই রাতের যেকোনো সময় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, জাহাজটিতে ক্যাপ্টেনসহ মোট ১৪ জন নাবিক রয়েছেন। প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি জাহাজের অন্য নাবিকরা জানার পর তারা পোর্ট হেলথের চিকিৎসকদের খবর দেন। চিকিৎসক দল এসে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।
এদিকে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হওয়ার পর গতকাল সকালে প্রাথমিক সুরতহাল শেষে প্রকৌশলী ভ্যারল তায়েরের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।










