জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। কোনোভাবেই তার আগে কোনো গণভোট হতে দেয়া হবে না। সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হুঁশিয়ারি দেন।

যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত এ স্মরণসভায় বিএনপি মহাসচিব বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। কিন্তু এটা জনগণ মেনে নেবে না। অনেক রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্টের হাত থেকে স্বাধীন হয়েছি। একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার। কোনো মহলের চক্রান্তে আমরা এ সুযোগ বিনষ্ট হতে দিতে পারি না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাতে চাই, দয়া করে পানি ঘোলা করবেন না। আপনারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দেশের মানুষকে অশান্তিতে নেয়ার ব্যবস্থা করবেন না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। এখনো কোনো বিষয়ে রাস্তায় নামিনি। আপনারা মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়। বিএনপি এ দেশের জনগণের গড়া একটি দল। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। আর আপনারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। সেটা এ দেশের জনগণ মেনে নেবে না।’

অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আর টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণার ব্যবস্থা করুন এবং অক্টোবরে সংস্কারের যে সিদ্ধান্ত হয়েছে, সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা ব্যর্থ সরকারে পরিণত হবেন। এর সব দায়ভার আপনাদের বহন করতে হবে।’