চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে লেগুনার ছয় আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ২ জন। হতাহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ৫টার দিকে মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং এলাকার বুড়ির দোকান পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার সময় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল বলে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত ৬ জনের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এর মধ্যে লেগুনার চালকসহ চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তারা হলেন, চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের পুত্র বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের পুত্র আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার পুত্র ফিরোজ আহমদ (৩২)।
এ ব্যাপারে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিসুর রহমান জানান, ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় আটকাপড়া লেগুনার যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। হাইওয়ে পুলিশের সাথে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেয়। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না সঠিক কতজন মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে এ পর্যন্ত ৬ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।










