লক্ষ্মীপুরে সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. দুলাল (৫০) নামে এক অটোরিকশাচালক। এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে (১৮) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মান্দারি ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাল একই গ্রামের মৃত আজিজ উল্যার ছেলে। এদিকে আটক মেহেদী হাসানও ওই গ্রামের হাফিজের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মাসুদের সুপারি বাগান থেকে সুপারি চুরি করে নাজির ও আসিফ নামে দুজন। চুরির দৃশ্যটি মোবাইলে ভিডিও ধারণ করে অটোরিকশাচালক দুলালের ছোট ছেলে মুরাদ। এ সময় চুরির ভিডিও সুপারির বাগান মালিককে দেখাবে বললে নাজির ও আসিফ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তাই মুরাদকে তুলে নিয়ে হত্যা করতে নাজির তার বন্ধু মেহেদী হাসানকে ভাড়া করে। এ নিয়ে মেহেদী হাসান দিনভর চালক দুলাল ও তার ছেলে মুরাদকে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে দোকানের সামনে অটোরিকশাচালক দুলাল ও মেহেদী হাসানের বাবা হাফিজের বাগিবতণ্ডা শুরু হয়। এ সময় হঠাৎ ছুরি দিয়ে দুলালের পেটে আঘাত করে মেহেদী হাসান। পরে স্থানীয়রা দুলালকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।