ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণ সাক্ষী, কারণে-অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থবিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষের সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনা, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। কী ছিল ওসমান হাদির অপরাধ? একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে যে প্রশ্নগুলো দেখা দিয়েছে, এই কয়েকটি প্রশ্নের জবাবের মধ্যেই আমার মনে হয় এই ঘাতকদের চরিত্র স্পষ্ট হয়ে উঠবে।’
তারেক রহমান বলেন, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে যে প্রশ্নগুলো দেখা দিয়েছে—এক. অন্তর্বর্তী সরকারকে যদি ব্যর্থ করা যায় কারা তাহলে খুশি হবে? দুই. নির্বাচন ছাড়াই অন্তর্বর্তী সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে? তিন. দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? আমি বিশ্বাস করি, এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে। স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে এসব প্রশ্নের উত্তরে।’
তিনি বলেন, ‘স্বাধীনতার ইতিহাসকে দলীয় ইতিহাসে পরিণত করার অপচেষ্টা অতীতেও হয়েছে, এখনো পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার চেষ্টা করছে। এর বিপরীতে প্রতিশোধ নয়, বরং প্রতিটি মানুষের ঘরে বিজয়ের সুফল পৌঁছে দিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই হোক এবারের বিজয় দিবসের অঙ্গীকার।’
তিনি বলেন, ‘জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। তাই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। এ কারণেই দলটি সব সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে।’
তারেক রহমান বলেন, ‘১৯৭১, ১৯৭৫, ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলন প্রমাণ করেছে জনগণ ঐক্যবদ্ধ থাকলে বিজয় অনিবার্য। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিলে তিনি নিজেও থাকবেন বলে আশ্বাস দেন।’
বিজয় দিবস উপলক্ষে তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানান ও একাত্তরের শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।










