নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকায় হামলার খবর পাওয়া গেছে। আধিপত্য বিস্তার নিয়ে একদল কিশোর ও তরুণ এ হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হামলায় এক এসআইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এ সময় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়, রেস্তোরাঁ ও আশপাশের ঘরবাড়িতে ভাংচুর চালানো হয়। গত শনিবার রাত ৮টার দিকে নগরীর কেন্দ্রীয় ঈদগাহের পাশে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
তবে গতকাল দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। হামলাকারীদের কাউকে আটকও করতে পারেনি পুলিশ। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, ‘জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেছি পুলিশ সুপারকে। আমার ছবি ভেঙেছে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবিও ভেঙেছে। এ ছবিগুলো কারা ভেঙেছে বা কারা এগুলোর উসকানি দিতে পারে তা সবাই জানে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বলেন, ‘শনিবার রাতে হামলার ঘটনায় রূপগঞ্জ থানার উপপরিদর্শক মারুফ হাসানসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। এসআই মারুফ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পুলিশ লাইনসে একটি কাজ শেষে রেস্তোরাঁর সামনে গিয়েছিলেন। তখন তিনি হামলার শিকার হন। ঠিক কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সময় ধারণ করা সিসি ক্যামেরার কিছু ফুটেজ পেয়েছি। এসব ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।’









