কভিডে আক্রান্ত খুলনা বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে নির্মাণাধীন ৩৩০ মেগাওয়াট প্লান্টটিতে কর্মরত ৬৬ চীনা নাগরিক। পাওয়ার প্লান্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদ হোসেন বলেন, ২০১৮ সালে খালিশপুরে খুলনা বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে ৩৩০ মেগাওয়াট ডুয়াল ফুয়েল কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টটির কাজ শুরু হয়। ১৮৫ জন চীনা নাগরিক এখানে কাজ করছেন। গত এক মাসে প্রজেক্টে কর্মরতদের মধ্যে ৮৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন। আক্রান্তরা নিজস্ব হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি আরো বলেন, এ প্রজেক্টে বাঙালি শ্রমিকের সংখ্যা প্রায় ৬০০ জন। এছাড়াও প্রতিদিন প্রায় ২০০ শ্রমিক অস্থায়ীভাবে কাজ করেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. হাসনাইন শেখ বলেন, বৃহস্পতিবার তিনি প্রজেক্ট পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু সেখানকার চীনা কমিউনিটিতে ঢুকতে দেয়া হয়নি। যা কথা বলার, তা ফোনেই বলতে হয়েছে। তিনি বলেন, তাদের করোনার টিকা দেয়া আছে। নিজস্ব চিকিৎসকও রয়েছেন। তবে আক্রান্তরা কাজে অংশ নিচ্ছেন কিনা বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।

খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, অধিকসংখ্যক চীনা নাগরিক কেন আক্রান্ত হয়েছেন তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, আমরা বিষয়টি জেনেছি। তাদের সবার হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে। করোনা নেগেটিভ না আসা পর্যন্ত তারা কোনোভাবেই বাইরে বের হতে পারবেন না।