আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দুর্গম এলাকা আঁধারমানিক গ্রামে পুলিশ ক্যাম্প স্থাপন করা হচ্ছে। গতকাল দুপুরে সদর মডেল থানাধীন পুলিশ ক্যাম্পের নির্মাণকাজের উদ্বোধন করেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।
এ সময় আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন প্রমুখ। তেওয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক হোছাইন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তি ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, আঁধারমানিক এলাকাটি সদর থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চন্দ্রগঞ্জ, কমলনগর থানা ও নোয়াখালী জেলার সীমান্ত এলাকা এটি। তাই সদর থানা থেকে এসে এ এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা একটু সমস্যা হচ্ছিল। এলাকাবাসীর দাবি ছিল এ এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হোক। স্থানীয় ইউপি চেয়ারম্যান পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য ৬০ শতাংশ জমি দান করেছেন। এলাকার বিত্তশালী, দানবীর ও পুলিশের নিজস্ব অর্থায়নে ক্যাম্পের ভবন নির্মাণ করা হবে। ক্যাম্পটি চালু হলে লক্ষাধিক মানুষ আইনি সহায়তা পাবে।










