কক্সবাজারের টেকনাফে আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আগামী বুধবার পর্যন্ত এ সাক্ষ্যগ্রহণ চলবে।
এর আগে গত ২৩ থেকে ২৫ আগস্ট টানা তিনদিন মামলার ১ নম্বর স্বাক্ষী ও বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং ২নম্বর স্বাক্ষী ঘটনার প্রত্যক্ষদর্শী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ শেষ করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালত।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলায় মোট সাক্ষী ৮৩ জন। আজ মামলার ৩ নম্বর সাক্ষী দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা। ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নিতে পারবো বলে আশা করছি।’
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেরিনড্রাইভ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।









