নারায়ণগঞ্জে বন্দরের সৌমবাড়ি এলাকার শীতলক্ষ্যা নদী থেকে মো. সুজন মাহমুদ (২৪) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।  চার দিন আগে তিনি নিখোঁজ হন।

আজ সোমবার বিকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুজন মাহমুদ বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার আবুল হোসেনের ছেলে।  তিনি সরকারি তোলারাম কলেজে বিবিএর ছাত্র ছিলেন। 

নৌ-পুলিশের নারায়ণগঞ্জ থানার ওসি শহিদুল আলম জানান, চারদিন আগে সুজন মাহমুদ তার কলেজের এক বন্ধুর অনুষ্ঠানে যান।  এরপর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় চারদিন আগেই নিহতের ভাই শাহজামান বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।  আজ দুপুরে নৌ-পুলিশের সদস্যরা বন্দরের সৌমবাড়ি এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।  ওই কলেজছাত্রের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।  ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয়। 

বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভূঁইয়া আজ সন্ধ্যা সোয়া ৬টায় জানান, মরদেহটি নৌ- পুলিশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি হত্যাকাণ্ড।  ওই ছাত্রের স্বজনদের খবর দেয়া হয়েছে। আত্মীয়-স্বজনরা এলে এ বিষয়ে মামলা নেয়া হবে।