বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান সংবিধানে গণভোট করার সুযোগ নেই। দেশে বর্তমানে একটি সংবিধান আছে, যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। এ সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নেই, কোনো অপশন নেই। সুতরাং আমাকে সংবিধান মানতে হবে।’
গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে মোহাম্মদ ফয়েজ উদ্দিনের লেখা ‘আগামীর উন্নত জাতি গঠনের দিকনির্দেশনামূলক সুপারিশ’ বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সংবিধানে গণভোট একদিনে করার বিধান না থাকলেও কেন বিএনপি এতে সম্মত হয়েছে তার ব্যাখ্যায় আমীর খসরু বলেন, ‘বিএনপি উদার। আমরা চাই দেশে সহনশীল একটা রাজনীতি টিকে থাকুক, দেশে পরস্পরের প্রতি সম্মানবোধ থাকুক, যাতে কোনো বিশৃঙ্খলা বা সংঘর্ষ না ঘটে। এসব বিবেচনা করেই নির্বাচনের দিন গণভোটে রাজি হয়েছি। এটা বিএনপির উদারতা।’









