বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। একই সঙ্গে দেশটি নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

গতকাল সকালে চীনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেন, ‘সকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের আলোচনা শুরু হয়।’ 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা গতকাল চীন সফরের দ্বিতীয় দিন পার করেন। সোমবার তারা দেশটি সফরে যান।

চীনের উপমন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানান বিএনপি মহাসচিব। 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন–বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

এর আগে সোমবার চীনের পিপলস গ্রেট হলে সিপিসি (কমিউনিস্ট পার্টি অব চায়না) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক করেন মির্জা ফখরুল। সেখানে তিনি আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপক্ষীয় করার আশা প্রকাশ করেন।