রাজধানীর কদমতলী থানার মুন্সি খোলা এলাকায় দুর্বৃত্তের পিটুনিতে মোহাম্মদ রাসেল (২৯) নামে এক রড কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাসেল ভোলার সদর উপজেলার আব্দুল মালেকের ছেলে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রসুলপুর এলাকায় পরিবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।

নিহত রাসেলের বোন রেশমা আক্তার বলেন, রাসেল কদমতলীর মুন্সি খোলা এলাকায় এটি রডের ফ্যাক্টরিতে কাজ করত। গত সোমবার রাতে বাসা থেকে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনার খেলা দেখার জন্য বের হয়। পরে খেলার হাফটাইমের সময় কিছু বন্ধু নদীর ধারে ডেকে নিয়ে যায়। পরে বেধড়ক পিটিয়ে জঘম করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেও অবস্থার অবনতি হলে পরে ডাক্তাররা ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন। কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে, এবং সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।