নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন খানপুর ব্রাঞ্চরোড এলাকার মো. জিয়ার ছেলে শাওন, মেহেদী হাসানের ছেলে জিম ও মো. শাহজাহানের ছেলে রিফাত। তারা সবাই সহপাঠী।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ-থানার এসআই ফোরকান উদ্দিন। তিনি জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আরো কেউ নিখোঁজ আছে এমন কোনো দাবিদার নেই। তার পরও আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।
তিনি আরো জানান, নৌকাটিতে ১৪-১৫ যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ বা কেন নৌকাটি ডুবেছে তা এখন বলা যাচ্ছে না। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
তবে উজ্জ্বল হোসাইন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, নারায়ণগঞ্জ প্রান্তের হাজীগঞ্জ ঘাট থেকে বন্দর প্রান্তের নবীগঞ্জ ঘাটগামী ইঞ্জিনচালিত ওই নৌকায় ১৪-১৫ যাত্রী ছিলেন। মাঝনদীতে গিয়ে অতিরিক্তি যাত্রী বোঝাইয়ের কারণে এবং যাত্রীরা ভয়ে-আতঙ্কে নড়াচড়া করায় এক পাশ কাত হয়ে ডুবে যায় নৌকাটি। তাদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কয়েকজন পানিতে তলিয়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ফখর উদ্দিন আহম্মদ বলেন, রাতে নারায়ণগঞ্জ থেকে বন্দরের নবীগঞ্জ যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।










