চারদশক পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ছাত্রসমাবেশে মাইকের আওয়াজে অতিষ্ঠ হয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার, রোকেয়া ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠানে এসে মাইক বন্ধ করতে বললে তোপের মুখে ২৬টি মাইক বন্ধ করেন আয়োজকরা।
এ সময় ২৬টি মাইক বন্ধ হলেও রাজু ভাস্কর্যে ছয়টি সাউন্ডবক্স চলছিল।
অনুষ্ঠানটি উপলক্ষে রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর, শহীদ মিনার ও শাহবাগ পর্যন্ত ২৬টি মাইকে অনুষ্ঠান পরিচালনা করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় শাখা (বাসদ)।
সংগঠনটির সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, আমরা শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মাইকগুলো বন্ধ করে দিচ্ছি, তবে অনুষ্ঠান চলবে।
এর আগে বেলা সাড়ে নয়টা থেকে মাইকের আওয়াজ শুরু হয়। এতে বিপদে পড়েন গ্রন্থাগারে পড়ুয়া ও টিএসসি সংলগ্ন রোকেয়া হল ও শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থীরা।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে মাইক বন্ধ করতে আসা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান বলেন,
‘সকালে লাইব্রেরিতে এসে মাইকের তীব্র আওয়াজে কোনোভাবেই পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলাম না। শব্দ এতো তীব্র যে মনে হচ্ছে যেন লাইব্রেরির ভেতরেই প্রোগ্রাম হচ্ছে। অনেকের পরীক্ষা চলমান। এটা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদকে ফোন করা হলে প্রক্টর অফিসের স্টাফ হারুন কল রিসিভ করে বলেন, 'স্যার সিনেটের মিটিংয়ে আছেন। স্যারের মোবাইলটি বর্তমানে আমার কাছে আছে।'










