সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার (৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় মহানগর বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত মাহমুদুর রহমানের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ‘জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই কেবল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে, তার আগে নয়।’

তিনি বলেন, ‘এই সরকারের অধীনে নিশি রাতের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তারপর পার্লামেন্ট বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে। তবে বিএনপি নির্বাচনে যাবে।’

রিজভী বলেন, বিএনপি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য রাজপথে আন্দোলন করছে। আন্দোলনের মাধ্যমেই সরকারর পতন ঘটিয়ে গনমানুষের দাবি আদায় করা হবো।

ব্যবসায়ীদের সিন্ডিকেট সুবিধা দিয়ে মানুষের পকেট কাটছে সরকার- উল্লেখ করে বলেন, এই সরকারের আমলে দ্রব্যমূল্যের উধ্বগতি কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসাইন আনু, আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুসহ অন্যান্য নেতারা।