রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম এবং পৌরসভার অফিস সহকারী দিদারুল আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল ভোরে কক্সবাজার শহরের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-চট্টগ্রাম-২-এর উপপরিচালক মাহবুব আলম ও সহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন।
সহকারী পরিচালক শরীফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, কাউন্সিলের দায়িত্ব পালনকালে এ তিন কাউন্সিলর ও অফিস সহকারী কাম পৌরসভার জন্মনিবন্ধন শাখার দায়িত্বপ্রাপ্ত দিদারের বিরুদ্ধে অবৈধভাবে রোহিঙ্গা নাগরিকদের ভোটার তালিকাভুক্ত করার অভিযোগ পেয়েছি। এ পরিপ্রেক্ষিতে মামলা করে দুদক। মামলা নম্বর ১০/২০২১।
শরীফ উদ্দীন আরো বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনৈতিকতার আশ্রয় নিয়ে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সলির জাবেদ কায়সার নোবেল, রফিকুল ইসলাম ও অফিস সহকারী দিদারুল আলমের বিরুদ্ধে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার তথ্য পায় দুদক। এতে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় দুদক দল।
পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।









