চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় উল্টো পথে আসা সিএনজি অটোরিকশাকে আটকানোর জেরে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সকালে মইজ্জ্যারটেকের ফসিল ফুয়েল স্টেশন এলাকায় হওয়া এ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পরে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ, জব্দ করা হয়েছে কয়েকটি সিএনজি।

আহত পুলিশ সদস্যরা হলেন সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) আকাশ জানান, উল্টো পথে চলা একটি সিএনজিকে বাধা দিতে গেলে আশপাশের সিএনজি চালকরা দলবদ্ধ হয়ে হামলা চালায়। এতে দুই ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ১৪ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলছে।