নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেয়ায় মমিন উদ্দিন নামে এক টেক্সটাইল ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মমিন উদ্দিন রূপগঞ্জ থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন।

ব্যবসায়ী মমিন উদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে কাঞ্চন বাজারে টেক্সটাইল ব্যবসা করে আসছেন। কিছুদিন ধরে তার বসতবাড়ির সামনে স্থানীয় মৃত গোলজার হোসেনের ছেলে আলমগীর হোসেন মাদক ব্যবসা শুরু করে। শনিবার বিকালে তিনি আলমগীরকে মাদক ব্যবসায় বাধা দেন। এর জের ধরে সন্ধ্যায় কাঞ্চন দক্ষিণ বাজারে আলমগীর ও সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।