ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল। এ লক্ষ্যে আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে দলটি। আগামী ৯ জুলাই পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা।
আজ মঙ্গলবার জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন নুরুল আমীন, ড. কেরামত আলী এবং ডা. এসএম খালিদুজ্জামান।
পোস্টে বলা হয়, জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলটি ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করার উদ্দেশ্যে দেশটির সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
ইরান সফরকালে সরকারি কর্মসূচি অনুযায়ী প্রতিনিধিদলটি দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
পোস্টের শেষাংশে বলা হয়, এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর পাশাপাশি প্রতিনিধিদলের সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ায় জামায়াতে ইসলামী ইরান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।










