ঢাকা-১৫ আসনের পানি ও গ্যাস সংকট, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, অবৈধ খাল দখলমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বিরোধী দলীয় নেতার এ আসনে আজ চারটি পৃথক মতবিনিময় সভা ও সরেজমিন পরিদর্শন শেষে তারা এ প্রতিশ্রুতি দেন।
সকালে পশ্চিম শেওড়াপাড়া ৩ নং গলি থেকে আনুষ্ঠানিক পরিদর্শন শুরু হয়। পরে পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড় (৪ নং ওয়ার্ড) এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ডেঙ্গু পরিস্থিতি, পশ্চিম শেওড়াপাড়া খালের অবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, গ্যাস ও পানির সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন তারা। এ সময় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও সমস্যার কথা শুনে সেগুলো সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং রেখেছেন। এরই ধারাবাহিকতায় ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে এলাকার সমস্যা সমাধানে কাজ করতে নেমেছে। জনগণের সহযোগিতা নিয়ে আমরা সব সমস্যার সমাধান করব, ইনশাল্লাহ।
তিনি বলেন, এলাকায় তীব্র পানির সংকট, গ্যাস সমস্যা, কিশোর গ্যাংসহ নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের একার পক্ষে সমাধান সম্ভব নয়। জনগণকে সম্পৃক্ত করেই সরকারি দল ও বিরোধী দল যৌথভাবে এসব সমস্যা সমাধান করবে।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকার জনগণকে নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে মতবিনিময় করতে এসেছেন।
তিনি বলেন, বিরোধী দলীয় নেতা এ এলাকার সংসদ সদস্য এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জনগণের সেবক হিসেবে কাজ করছেন।
তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পুরো দল নিয়ে জনগণের অভিযোগ ও দুর্ভোগের কথা শুনতে এসেছেন তারা। জনগণের সমস্যার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং অগ্রাধিকার অনুযায়ী পর্যায়ক্রমে ঢাকা-১৫ আসনের সব সমস্যার সমাধান করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে এলাকার উন্নয়ন কার্যক্রমে অংশীদার হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে উন্নত ঢাকা গড়ে তুলবে।
উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তুলতে সংস্থাটি কাজ করছে।
তিনি বলেন, প্রতিদিন বাসাবাড়ির বর্জ্য অপসারণ, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার ও সংস্কার, ড্রেন ও সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মতবিনিময় সভায় পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরী পাড়ার পানির সংকট নিরসনে পাঁচটি পানির পাম্প নির্মাণের জন্য দ্রুত স্থান নির্ধারণে জনগণের সহযোগিতা কামনা করা হয়।
এসময় ডা. শফিকুর রহমান, মীর শাহে আলম এবং মো. শফিকুল ইসলাম খান প্রত্যেকে নিজ নিজ তহবিল থেকে প্রতিটি পানির পাম্পের জন্য ২০ লাখ টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন।










