চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার বিরুদ্ধে আন্দোলনরত দুই সমন্বয়কসহ ১৫ কর্মচারীকে খুলনার মোংলা বন্দর ও পটুয়াখালীর পায়রা বন্দরে বদলি করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. বেলায়েত হোসেনের সই করা আদেশে দাফতরিক প্রয়োজনে বদলিপূর্বক সংযুক্তি প্রদান করার কথা জানানো হয়। এর মধ্যে আটজনকে পায়রা বন্দরে এবং সাতজনকে মোংলা বন্দরে বদলি করা হয়েছে।

এর আগে তিনটি পৃথক আদেশে বন্দর কর্তৃপক্ষ এ কর্মচারীদের ঢাকার কমলাপুর কনটেইনার ডিপো ও কেরাণীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালে বদলি করেছিল। তবে তারা এসব কর্মস্থলে যোগ দেয়নি। আজ সোমবার তাদেরকে আবারও বদলি করে দুই বন্দরে সংযুক্তি প্রদান করা হয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা। আন্দোলনের তৃতীয় দিন আজ সোমবারও সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বন্দর কার্যক্রমে স্থবিরতা দেখা যায়। বদলি আদেশ প্রত্যাহার ও এনসিটি ইজারা বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে একটানা ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আদেশে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দলের সমন্বয়ক মো. হুমায়ুন কবিরকে মোংলা বন্দরে বদলি করা হয়েছে। আরেক সমন্বয়ক মো. ইব্রাহিম খোকনকে বদলি করা হয়েছে পায়রা বন্দরে। বদলি হওয়া অপর কর্মচারীরা হলেন মো. ফরিদুর রহমান, মোহাম্মদ শফি উদ্দিন, রাশিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মো. জহিরুল ইসলাম, খন্দকার মাসুদুজ্জামান, মো. হুমায়ুন কবির, মো. শাকিল রায়হান, মানিক মিঝি, মো: শামসু মিয়া, মো: লিয়াকত আলী, আমিনুর রসুল বুলবুল ও মো. রাব্বানী।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বণিক বার্তাকে বলেন, এনসিটি ইজারার প্রতিবাদে চলমান আন্দোলন কর্মসূচি দমাতে এ বদলি করা হয়েছে। ইজারা বাতিলের পাশাপাশি বদলির প্রতিবাদে আন্দোলন আরো বেগবান করা হবে।