উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পঞ্চগড় জেলা সদরের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এ অঞ্চল আমাদের কলিজার অংশ। বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে। ইচ্ছে করেই একে পিছিয়ে রাখা হয়েছে, অবহেলা করা হয়েছে। আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট।’
জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা উত্তরাঞ্চলে আর বেকার যুবক দেখতে চাই না। আমরা চাই প্রতিটি মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দিতে। প্রতিটি নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আল্লাহ তায়ালা দায়িত্ব দিলে প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলব। পঞ্চগড়েও বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। যারা ভেবেছেন এত টাকা কই পাব? ২৮ লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে।’
উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সব সমস্যার সমাধান সম্ভব। পঞ্চগড়ে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো আবার চালু করতে চাই। আগামী দিনে আপনাদের সঙ্গে নিয়েই দায় ও দয়ার বাংলাদেশ গড়তে চাই। আমরা যুবসমাজের হাত শক্তিশালী করব। আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের কার্ড।’
‘কেউ কেউ বসন্তের কোকিল—উড়ে এসে জুড়ে বসে’ মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কিন্তু দুঃখ-কষ্টের সময় দেশবাসীকে ফেলে কোথাও যাইনি। ভবিষ্যতেও যাব না ইনশা আল্লাহ। ১২ তারিখে বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। আর কোনো পুরনো দুর্বৃত্ত যেন নতুন কোনো পোশাকে ফিরে আসতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
সমাবেশে আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধানসহ ১০ দলীয় নেতারা।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গতকাল দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুরের নির্বাচনী সমাবেশেও বক্তব্য দেন।










