জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে যে মতভেদ তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের সময় দিয়েছে অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যেই আলোচনায় বসতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বিএনপির স্থায়ী কমিটির গতকাল রাতে অনুষ্ঠিত বৈঠকে মির্জা ফখরুল নিজেই বিষয়টি দলের নেতাদের অবগত করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সনদ বাস্তবায়নে গণভোট কবে হবে, তা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে রয়েছে মতভিন্নতা। বিএনপি সংসদ নির্বাচনের দিন গণভোট করার পক্ষে। অন্যদিকে জামায়াতে ইসলামী চায়, আগেই গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে।
এদিকে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গতকাল রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা হয়। সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা শেষে কিছু বিষয়ে নোট অব ডিসেন্টসহ (ভিন্নমত) যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং ১৭ অক্টোবর যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয় ধারণ করে বিএনপি। দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ দলটি।
সর্বসম্মতভাবে গৃহীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন প্রশ্ন কিংবা সংকট সৃষ্টির সব অপপ্রয়াসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বিএনপি। দলটি মনে করে, দীর্ঘ আলোচনায় উপনীত ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো মতেই নিত্যনতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না।









