গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বদেশ চন্দ্র (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

নিহতের মামা বিদূষ চন্দ্র রায় জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ওষুধ নিয়ে পলাশবাড়ী শহর থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বদেশ। পথিমধ‍্যে বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন স্বদেশ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ও পরে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান স্বদেশ।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্বদেশ চন্দ্র উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুদেব চন্দ্রের ছেলে। রাজধানীর মোহাম্মদপুরে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্প্রতি গ্রাফিক্স ডিজাইনে পড়ালেখা শেষ করেন।