কক্সবাজার সমুদ্র সৈকতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই তরুণী থানায় অভিযোগ করার পর দুপুরে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মুনীর-উল গীয়াস।

গতকাল বুধবার মধ্যরাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন বিজিবির উর্মি রেস্তোরাঁর পাশের নির্জন স্থানে এ ধর্ষণের ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণী বাদী হয়ে মামলা করেছেন।

গ্রেফতার ওসমান সরওয়ার (২৬) নামের যুবক কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) পরিচালনাকারী। কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকার আবুল বশরের ছেলে তিনি।

মামলার এজাহার সূত্রে ওসি মুনীর জানান, ওই তরুণীর সঙ্গে সেলফোনে জনৈক ব্যক্তির পরিচয় হয়। এ পরিচয়ের সূত্রে বুধবার বিকালে চকরিয়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন ওই তরুণী। কক্সবাজার সৈকতে পৌঁছার পর থেকে প্রেমিকের সেলফোন বন্ধ পান তিনি। পরে দীর্ঘ সময় অপেক্ষার পর রাত ঘনিয়ে এলে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) ভাড়া নেন। রাতের এক পর্যায়ে ওই তরুণীকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়ার কথা বলে এক যুবক বিজিবির উর্মি রেস্তোরাঁর পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।