লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটার উঁচু চিমনি ধসে পড়ে দুই সহোদর নিহত হয়েছেন। এ সময় অন্তত আট শ্রমিক আহত হন। গতকাল বিকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মদিনা ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেলাল হোসেন (৩২) ও তার ভাই ফারুক হোসেন (২০)। তারা জেলার কমলনগর উপজেলার বাসিন্দা।
এদিকে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় ভাটার অন্য শ্রমিকরা বাধা দেন। এ সময় তারা বিক্ষোভ করে ভাটা মালিক আমির হোসেন ডিপজলের বিচার দাবি করেন। তবে ঘটনার পর পরই ডিপজল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকালে ইটভাটার উঁচু চিমনির দেয়াল ধসে পড়ে। এ সময় কর্মরত বেলাল ও ফারুকসহ ১০ জন শ্রমিক ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন। এতে বেলাল ও ফারুক ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে মরদেহগুলো আনার সময় শ্রমিকরা ভাটা মালিকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা শান্ত হন।










