লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে মফিজ উল্যাহ (৮০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এসময় দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার রাত ৩টার দিকে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সামনে পৌরসভার বাঞ্চানগর এলাকায় শামছুল ইসলাম মিলনের দোকান-বসতঘরে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। এ সময় আগুনে পুড়ে নিহত বৃদ্ধের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি।
নিহত মফিজ লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকার আমিন উল্যাহর ছেলে। বাঞ্চানগর এলাকায় তিনি মেয়ের বাসায় থাকতেন।
ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বসতঘরের সামনের অংশে দোকান ছিল। রাতে দোকান বন্ধ করে সবাই ঘুমাতে যান। হঠাৎ আগুন জ্বলে উঠে। পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে সবাই ঘুম থেকে জেগে ওঠে। দ্রুত সবাই ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু ঘুম থেকে উঠলেও বৃদ্ধ মফিজ ঘর থেকে বের হতে পারেননি। এসময় দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রঞ্জিত কুমার সাহা বলেন, আমাদের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিত থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









