বাংলাদেশের ছয়জন তরুণ শিক্ষার্থী মর্যাদাপূর্ণ “ইন্টারন্যাশনাল চিলড্রেনস কনফারেন্স ফর পিস: চিলড্রেন অ্যাজ দ্য পিসমেকারস”-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।
আগামী ১৮ জুন থেকে ১৩ জুলাই ২০২৬ পর্যন্ত রাশিয়ার ক্রিমিয়ায় আন্তর্জাতিক শিশু কেন্দ্র “আরটেক”-এ এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা সম্প্রতি চূড়ান্ত ফলাফল ঘোষণা করে জানিয়েছেন, নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্বখ্যাত আরটেক ক্যাম্পে তিন সপ্তাহব্যাপী এই আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নেওয়ার জন্য বিনামূল্যে টিকিট পাবেন।
নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থীরা হলেন: দিনাজপুরের টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রেম জুনিয়র টি. হান্সডাক; ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আহনাফ কাওছার ও জাহরান কাওছার; সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের মোঃ দাইয়ান রহমান ও মোঃ আয়ান রহমান এবং ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের চৌধুরী মাহতাসিম মাসরাফি।
এই সম্মেলনে ১৪ থেকে ১৭ বছর বয়সী বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা অংশ নেবেন। এর লক্ষ্য হলো শিশু ও তরুণদের মধ্যে বন্ধুত্ব, আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং শান্তি প্রতিষ্ঠার ধারণা জোরদার করা।
আয়োজকদের মতে, এই উদ্যোগটি ২০২৫ সালের “চিলড্রেনস ডিক্লারেশন অব পিস”-এর সাফল্যের ধারাবাহিকতা।
তাদের মতে, এই কর্মসূচির লক্ষ্য হলো আলোচনা, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষামূলক কার্যক্রম এবং যৌথ প্রকল্পের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের তরুণ কূটনীতিক ও শান্তি-নির্মাতাদের অনুপ্রাণিত করা।
এছাড়া উদ্যোগটি শিশু শান্তিদূত যুক্তরাষ্ট্রের সামান্থা স্মিথ এবং রাশিয়ার কাতিয়া লিচেভার অনুপ্রেরণায় পরিচালিত, যারা স্নায়ুযুদ্ধের সময়ে বন্ধুত্ব ও শান্তির প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছিলো।
নির্বাচিত শিক্ষার্থীদের ইতোমধ্যে আরটেকের অফিশিয়াল অনলাইন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করে মধ্য জুনে যাত্রার প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আয়োজকরা আশা করছেন, এই অংশগ্রহণ আন্তর্জাতিক সংলাপ, সাংস্কৃতিক বিনিময় ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তরুণদের সম্পৃক্ততা আরও জোরদার করবে।










