গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলা দেখাতে গিয়ে পোষা সাপের কামড়ে মজিদুল ইসলাম (৪০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

সাপুড়ে মজিদুল ইসলাম হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে।

স্বজনরা জানান, মজিদুল ইসলাম প্রায় এক যুগ ধরে সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। অন্যান্য দিনের মতো গতকাল বিকালে পোষা সাপ নিয়ে রামপুরা এলাকায় খেলা দেখাচ্ছিলেন। এসময় একটি সাপের কামড়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পথে মজিদুলের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব।