আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে এবং ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ রাজধানীর গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছে।

আজ রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রধান সড়কের সামনে তৈরি ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের আয়োজনে গণজমায়েত কর্মসূচি শুরু হয়। নূর হোসেন চত্বর থেকে ১০০ মিটারের মধ্যে অবস্থিত এই গণজমায়েত কর্মসূচি।

এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়করা বক্তব্য রাখছেন এতে।

এর আগে সকাল থেকেই গুলিস্তান জিরো পয়েন্টে আসতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গুলিস্তান থেকে স্টেডিয়াম যাওয়ার রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নিয়েছেন বিএনপি- যুবদল- মহিলা দলসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলিস্তান জিরো পয়েন্ট ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জিরো পয়েন্টে একটি জলকামান এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি জলকামান ও রায়ট কার দেখা গেছে। বিজিবি সদস্যদের গাড়ি নিয়ে পুরো এলাকা টহল দিতে দেখা গেছে।

শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করে গতকাল শনিবার। এর প্রতিবাদে আজ সকাল থেকে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি চলছে।