বাজারে বেড়েছে ডিম ও মুরগির দাম। আগের দরেই বিক্রি হচ্ছে খাসি ও গরুর মাংস। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজধানীর কারওরান বাজার ঘুরে দেখা গেছে, ডিম ও মাংসের দাম বেড়েছে। একদিনের ব্যবধানে হালিতে পাঁচ টাকা বেড়েছে ডিমের দাম। একই সঙ্গে কেজিতে ১০ টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম।

বাজার ঘুরে দেখা গেছে এক হালি লাল ডিম ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সাদা ডিমও একই দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, গতকাল ডিমের দাম ছিল ৪৫ টাকা হালি। আজ ডিমের দাম হালিতে ৫ টাকা বেড়েছে।

ডিমের দাম বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে কারওয়ান বাজারের ডিম বিক্রেতা মোবারক হোসেন বলেন, আজ আমাদের ডিম বেশি দামে কিনতে হয়েছে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি। তবে পাইকাররা কেন ডিমের দাম বাড়িয়েছেন তা জানি না।

একই সঙ্গে বেড়েছে মুরগির দামও। আজ বাজারে প্রতিকেজি সাদা মুরগি বিক্রি হয়েছে ১৬০ টাকা কেজি দরে। গতকাল একই মুরগি বিক্রি হয়েছে ১৬০ টাকা কেজি দরে। সোনালি ও লেয়ার মুরগিও গতকালের চেয়ে ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি ২৬০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা মো. আলম বলেন, যদিও আজ মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে তবে গত সপ্তাহের তুলনায় এখন মুরগির দাম অন্তত ৪০ থেকে ৫০ টাকা কমেছে। সঠিকভাবে বাজার তদারকি করতে পারলে সিন্ডিক্টে আর সক্রিয় হতে পারবে না। দাম আরো কমানোর সুযোগ আছে।

তবে গরু খাসির মাংস আগের বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ এক কেজি গরুর দাম ৭৩০ টাকা এবং খাসির মাংস এক হাজার একশ টাকা দরে বিক্রি হচ্ছে।