কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে গোলগুলি ও সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ রোববার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুতুপালং রোহিঙ্গাশিবিরের বাসিন্দা ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)।
রোহিঙ্গাশিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ আতিকুর রহমান সংঘর্ষে হতাহতের খবর নিশ্চিত করেছেন।
কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে রোহিঙ্গাশিবিরের ভেতরে থাকা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা গাজী সালাউদ্দিন বলেন, উখিয়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।









