বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস।

গতকাল ভোরে নিউইয়র্কে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘দেশ যখন সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী সপ্তাহগুলোয় নারী, যুবক ও জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরকে বিবেচনায় নেয়া উচিত বলে মনে করি।’

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি পুরোপুরি সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।