নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ফেরির সঙ্গে ধাক্কা লেগে শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাওন (১৮), জিম (১৯) ও রিফাত (২১)।
নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন।
তিনি জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে আরো কেউ নিখোঁজ আছে এমন কোন দাবিদার নেই। তারপরও আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।
নৌকাটিতে ৭-৮ জন যাত্রী ছিল উল্লেখ করে এসআই ফোরকান বলেন, দুর্ঘটনার কারণ বা কী জন্য নৌকাটি ডুবেছে তা এখনো বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলা যাবে।
তবে মো. উজ্জল হোসাইন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, নারায়ণগঞ্জ প্রান্তের হাজীগঞ্জ ঘাট থেকে বন্দর প্রান্তের নবীগঞ্জ ঘাটগামী ইঞ্জিন চালিত ওই নৌকায় ৭-৮ জন যাত্রী ছিল। মাঝ নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে একপাশ কাত হয়ে ডুবে যায় নৌকাটি। এ সময় যাত্রীদের কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কয়েকজন পানিতে তলিয়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ফখর উদ্দিন আহম্মদ জানান, রাতে নারায়ণগঞ্জ থেকে বন্দরের নবীগঞ্জ যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটে। তিনজন নিখোঁজের খবর পাওয়া গেছে। পরে তাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।










