কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও একজন আহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে; উখিয়ার পাগলির বিল গ্রামের সালমা খাতুন (৪৫), আনোয়ারুল ইসলাম (৫২) ও রামু উপজেলার ফতেখারকুল গ্রামের বিধু ধর (৫২)। আহত হয়েছেন রামুর গর্জনিয়া ইউনিয়নের হাবিব উল্লাহ (৩০), তার অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় নিহতের খবরটি নিশ্চিত করেন উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মহিউদ্দিন মহিন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হাবিব উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
এরই মধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।










