আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে সরকারকে স্মারকলিপি দেবে জামায়াতে ইসলামী। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনের আগে যেকোনো দিন এ গণভোট হতে পারে। নির্বাচন কমিশন বলেছে, সরকার যদি নির্দেশনা দেয়, তাহলে নির্দেশনা অনুযায়ী তারা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছে। আমরা আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দেয়ার মাধ্যমে সরকারের কাছে এ দাবি জানাব।’
এ জামায়াত নেতা বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে তুলে ধরব। আমাদের দাবি আগের মতোই একেবারে সুস্পষ্ট—গণভোট যেন অবশ্যই নির্বাচনের আগে হয় এবং পৃথক দিবসে হয়।’
আট দল মিলে পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলন চলমান আছে উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, ‘আন্দোলন চলমান আছে। সে আন্দোলনের মধ্যে আমরা মেইন ফোকাস দিয়েছি, জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারি। আমরা জানি, এ ধরনের আদেশ জারি করতে এক বা দুদিন লাগে, সে জায়গায় আজকে অনেক দিন হয়ে গেল, প্রায় সপ্তাহ অতিক্রম করে গেছে। গণভোট এ আদেশকে আরো শক্তিশালী করবে, মজবুত করবে।’









