রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস (২৭) নামে এক মেডিকেল শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকালে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক একরামুল হক জানান, আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে গত তিন দিন ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হচ্ছিল না। বারবার ফোন করেও সাড়া না পেয়ে স্বজনরা শুক্রবার বিকেলে ঢাকায় এসে তার কক্ষে যান ওই কক্ষে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেন।

বিষয়টির বিস্তারিত জানার চেষ্টা চলছে, তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান একরামুল হক।

নিহত ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দার আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। তিনি মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন,পরে উচ্চতর ডিগ্রির জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছিলেন।