গুদামে ১২ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে যশোরের ব্যবসায়ী জয়দেব মণ্ডলকে (৪৪) ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুরে যশোরের উপশহর এলাকার একটি গুদামে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে আগামী সাতদিনের মধ্যে গুদামে ৬০টি ব্যারেলে থাকা ১২ হাজার লিটার তেল বাজারে বিক্রির মুচলেকাও নেয়া হয়েছে।
জয়দেব মণ্ডল খুলনার ডুমুরিয়া উপজেলার রোস্তমপুর গ্রামের বাসিন্দা। তিনি যশোর উপশহরের এফ ব্লক এলাকায় অংশীদারিত্বের ভিত্তিতে রাজু এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপশহর এফ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে রাজু এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানের গুদামে ৬০টি ব্যারেলে ১২ হাজার লিটার সয়াবিন তেল মজুদ করে রাখা হয়। গত ৫ মার্চ কুমিল্লার মেঘনা নামে একটি কোম্পানি থেকে ওই তেল এনে মজুদ করা হয়েছে। গত আটদিনের মধ্যে ওই গুদাম থেকে কোনো তেল বিক্রি করা হয়নি। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জয়দেব মণ্ডলের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।









