ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন ৪ সদস্যের একটি সংসদীয় দল আজ চাইনিজ ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে চীনের ইউনানের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি দলীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সংরক্ষিত আসনের জেসমিন সুলতানা।
প্রতিনিধিদলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান ঢাকাস্থ চায়নার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ডেপুটি স্পিকার সপ্তম চায়না-সাউথ এশিয়ান কো-অপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এছাড়া প্রতিনিধিদলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবে। এবারের এক্সপোজিশনের থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বাণিজ্য প্যাভিলয়ন অংশ নেবে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন।
এছাড়া দলটি দুদিনের এ সফরে ইউনান প্রদেশের গভর্নর ও চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে করবে।
সফরের শেষ দিনে চাইনিজ গ্লোবাল টিভি নেটওয়ার্ক ও ইউনান ন্যাশনাল টিভির দুটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেবেন ডেপুটি স্পিকার, এবং আগামী ১৩ জুন দলটি ঢাকায় ফিরবে।










