গাইবান্ধার সাদুল্লাপুর সড়কে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় শিমুল মিয়া
(২০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পাওয়ার টিলার চালক ছিলেন।
বৃহস্পতিবার (২ মে) বেলা ১২টার দিকে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন
অফিসার নাসিম রেজা নিলু বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রাত ৩ টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের খোলাবাড়ি এলাকায়
এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম
রেজা নিলু জানান, নিজ গ্রাম থেকে নিহত যুবক পাওয়ার টিলারে আলু নিয়ে গাইবান্ধা জেলা
শহরের দিকে আসছিল। পথে খোলাবাড়ি এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকে। এ সময়
বুড়িমারী থেকে ছেড়ে আসা ফুলছড়ি উপজেলার ভরতখালিগামী পাথর বোঝাই একটি ট্রাক পাওয়ার টিলারকে
পেছন থেকে ধাক্কা দেয়। এতে শিমুল মিয়া পাওয়ার টিলার থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গিয়ে
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট
ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।









