চীনে সফররত বিএনপি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ন্যাশনাল কংগ্রেসের ডেপুটি লি হংঝং। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

চীনের পিপলস গ্রেট হলে বিএনপি ও সিপিসির মধ্যে গতকাল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিপিসি পলিটব্যুরোর সদস্য ও চীনের ন্যাশনাল কংগ্রেসের ডেপুটি লি হংঝং বিএনপি প্রতিনিধি দলকে আন্তরিক স্বাগত জানান। বৈঠকের শুরুতেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দুই দল ও দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো গভীর ও নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং।

আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ উদ্যোগকে বহুপক্ষীয় ও বিস্তৃত করার আহ্বান জানান।

রোববার রাতে চায়না এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।