বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন। গতকাল সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে ট্যারিফ নিয়ে বিএনপির মতামত জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে নানা আলোচনা হয়।
আমীর খসরু পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন ও তার টিমের সঙ্গে আলোচনা হয়েছে। এ সময়ে দুই দেশের মধ্যকার নানা বিষয় বিশেষ করে ট্যারিফ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তারা ট্যারিফের ব্যাপারে আমাদের মতামত জানতে চেয়েছে। আমরা এ ব্যাপারে সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে একটা সমাধান করা দরকার বলে মনে করি। কারণ বাংলাদেশের পণ্যের ট্যারিফে যদি উচ্চ মূল্য বাড়িয়ে দেয়া হয় তাহলে আমাদের গার্মেন্টেসের রফতানি চরম ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি এ বিষয়ে সরকারের সঙ্গে কাজ ও সহযোগিতা করবে, যাতে ট্যারিফ বিষয়টির সুষ্ঠু সমাধান হয়।’
এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও বাংলাদেশে কীভাবে আরো বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু।
নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা হয়েছে। নির্বাচনের বিষয় এবং বিএনপির প্রস্তুতিসহ আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা এ বিষয়ে বলেছি।’










