লক্ষ্মীপুরে তিনটি ট্রাক্টরের বেপরোয়া প্রতিযোগিতায় রাফি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার যাদৈয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই চালকরা ট্রাক্টর নিয়ে পালিয়ে যায়।

নিহত রাফি ওই এলাকার কৃষক দুলাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার জকসিন বাজার সংলগ্ন যাদৈয়া এলাকায় সকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল শিশু রাফি। এ সময় ওই সড়কে বেপরোয়া গতিতে আসছিল মাটিবাহী ট্রাক্টর তিনটি। এসময় শিশু রাফি ট্রাক্টরের চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। 

এদিকে ঘটনার পরপর মান্দারি ইউনিয়নের দিকে উধাও হয় ট্রাক্টরগুলো। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ পায়। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।