বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে চীন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। আমরা আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে ব্যাপক পরিবর্তন এসেছে। চীন সব সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষায় গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন।’

ইয়াও ওয়েন বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুসহ আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি।’