যশোরে রুম্মান (৩১) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দলীয় প্রতিপক্ষ। এ ঘটনায় আরিফ হোসেন শাকিল (৩০) নামে আরেক যুবলীগ কর্মী আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুম্মান শহরের টালিখোলা মাদ্রাসা এলাকার লিয়াকত পটোয়ারির ছেলে এবং আহত শাকিল একই এলাকার বাবু ড্রাইভারের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুম্মানের সঙ্গে দলীয় কয়েজনের বিরোধ ছিল। পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে আরিফ, আহাদুলসহ ৮-১০ জন রুম্মানকে কুপিয়ে হত্যা করে। এ সময় শাকিলকে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই রুম্মানের মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, দলীয় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন রুম্মান। জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।
দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী: যশোর জিলা স্কুলে দুষ্প্রাপ্য নানা সামগ্রী নিয়ে দুই দিনব্যাপী প্রদর্শনী শেষ হয়েছে। শুক্রবার শুরু হয়ে এ প্রদর্শনী চলে গতকাল সন্ধ্যা পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। আটজন সংগ্রাহক এ প্রদর্শনীতে অংশ নেন।
প্রাচীন আমলের মুদ্রা, নোট, ডাকটিকিট, প্রাচীনকালে কৃষকদের ব্যবহূত হুক্কা পাইপ, যুদ্ধের সময় ব্যবহূত রেডিও ও ক্যাসেট, বঙ্গবন্ধুর ডাকে বাঙালি জাতি যেসব জিনিসপত্র নিয়ে শত্রুর মোকাবেলা করতে ঝাঁপিয়ে পড়েছিল সেসব অস্ত্র এবং পাকিস্তানি হানাদারদের ব্যবহূত বেয়োনেট এবং স্বাধীন বাংলাদেশের খোদাই করা মানচিত্রসহ বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিস স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।









