সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের পদক্ষেপে ভুল ছিল বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, ‘আমাদের সরকারের উচিত ছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে শুরুতেই আলোচনায় বসা। আদালতের ওপর বিষয়টি ছেড়ে দেয়ার পরিবর্তে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত ছিল।’ গতকাল সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে।
জয় বলেন, ‘ছাত্র আন্দোলনকে সহিংস করে তুলতে বিদেশী গোয়েন্দা সংস্থার ভূমিকা ছিল। ১৫ জুলাইয়ের পর থেকে অনেক আন্দোলনকারীর কাছে অস্ত্র দেখা গেছে, যা বাংলাদেশে এভাবে পাওয়া কঠিন। সম্ভবত কোনো বিদেশী গোয়েন্দা সংস্থা অস্ত্র সরবরাহ করেছে।’ শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে জয় বলেন, ‘তিনি আপাতত ভারতে থাকবেন।’










