নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শীতলক্ষার সম্পাদক আরিফ আলম দিপু ও তার পরিবার করোনাভাইরাস মুক্ত হয়েছেন। আরিফ আলম দিপু নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, তার স্ত্রী নবীগঞ্জ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা ও ছেলের করোনা শনাক্ত হয়। তখন থেকে তারা শহরের চাষাঢ়ায় বেইলি টাওয়ারের নিজ ফ্ল্যাটে আইসোলেশনে ছিলেন। ডাক্তারের পরামর্শে বাসা থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন। পরে দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করা হলে তিনজনের রিপোর্ট নেগেটিভ আসে।
আরিফ আলম দিপু বলেন, আল্লাহর অশেষ রহমতে ও সকলের দোয়ায় আমাদের পরিবারের সবার করোনা পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ এসেছে। এখন আমরা সুস্থ আছি।
অন্যদিকে ১৮ দিন আইসিইউতে থাকা ঢাকার পঙ্গু হাসপাতালের সাবেক সিনিয়র কনসাল্টেন্ট ডা. অনিল কুমার বসাক সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। করোনায় আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক চিকিৎসা শেষে বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ডা. বসাকের কন্যা ডা. নীলিমা বসাক।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর বাবার শারীরিক অবস্থা এতো খারাপ হয় যে, তিনি হাঁটতে পারতেন না। তাকে আইসিউতে রাখা হয় টানা ১৮ দিন। সেখানে শেষবার নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বাবাকে বাসায় যাওয়ার অনুমতি দিলে আমরা তাকে নিয়ে আসি।









