আসন্ন জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়েছে। তাই তারা জনগণের মাঝে বিভ্রান্তিকর তথ্য ও আতঙ্ক ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
গতকাল সকালে রাজধানীর ভাটারার বাঁশতলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণমিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আগামী নির্বাচনে চাঁদাবাজ, ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে। ঢাকা-১১ আসনে কোনো চাঁদাবাজ, ভূমিদস্যুর স্থান হবে না। যারা ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন, তারা যেন সেই স্বপ্ন ভুলেও না দেখেন। আমরা প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দেব। বিজয় ছিনিয়ে নিয়ে বাড়ি ফিরব। আমরা বন্দুকের গুলি খেয়েও পিছু হটিনি, কেন্দ্র থেকেও পিছু হটব না।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা গণ-অভ্যুত্থান করেছি এক ফ্যাসিবাদকে তাড়িয়ে অন্য ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য নয়। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই এত এত মানুষ জীবন দিয়েছেন।’
নাহিদ ইসলাম জানান, ঢাকা-১১ আসন নানা সমস্যায় জর্জরিত। এ এলাকায় ট্রাফিক সমস্যা, চাঁদাবাজ ও ভূমিদস্যু রয়েছে। তারা সরকার গঠন করে এসব সমস্যা দূর করবেন। সমাবেশ থেকে তিনি সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দেয়ার আহ্বান জানান।
সমাবেশে এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পরে রামপুরা অভিমুখে গণমিছিল করেন তারা।
ঢাকা-১১ আসন থেকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন নাহিদ ইসলাম।










