শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠকে শিল্প ও ব্যবসা খাতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছেন ব্যবসায়িক নেতারা। আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বৈঠকে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এবং বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারাসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে উপদেষ্টা আদিলুর রহমান খান সবাইকে স্বাগত জানান এবং ইস্যুভিত্তিক আলোচনার প্রস্তাব দেন। এ সময় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শ্রমিক ইস্যু এবং শিল্পখাতে বিদ্যমান অন্যান্য সমস্যার বিষয়ে আলোকপাত করেন। পরে উপস্থিত ব্যবসায়ী নেতারা সেক্টরভিত্তিক সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানে নির্দেশনা দেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সমস্যাগুলো অবহিত করার পরামর্শ দেন।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বেগম জাকিয়া সুলতানা বলেন, লেবার ইস্যু, আইনশৃঙ্খলা, ব্যাংকিং, এনবিআর এবং বিডা সংশ্লিষ্ট বিষয়গুলো একসঙ্গে বসে প্রস্তাব তৈরি করে বিভিন্ন দপ্তরে পাঠানো যেতে পারে।

সভায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন মীর নাসির হোসেন (সাবেক সভাপতি, এফবিসিসিআই), মো. আনোয়ার হোসেন (প্রশাসক, বিজিএমইএ), কামরান টি. রহমান (সভাপতি, মেট্রোপলিটন চেম্বার), আশরাফ আহমেদ (সভাপতি, ঢাকা চেম্বার), সৈয়দ নাসিম মঞ্জুর (সভাপতি, লেদারগুডস অ্যাসোসিয়েশন), দেবব্রত মুখোপাধ্যায় (বাটা সু কোম্পানি), মতিউর রহমান (উত্তরা মোটর কর্পোরেশন), আব্দুল হক (সাবেক পরিচালক, এফবিসিসিআই), শাদাব আহমেদ (কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড), মঈনুল ইসলাম স্বপন (মন্নু গ্রুপ), প্রীতি চক্রবর্তী (উর্ধ্বতন সহ-সভাপতি, বিসিআই), মোহাম্মদ ইউনুস (সহ-সভাপতি, বিসিআই), এবং অমিতাভ চক্রবর্তী (উপদেষ্টা, সিটি গ্রুপ)।

এ সময় প্রতিনিধি দল তাদের নিজ নিজ সেক্টরের সমস্যাগুলো তুলে ধরেন এবং সমাধানের বিষয়ে মতামত দেন।